চেতনার নাম বাংলা ভাষা

চেতনার নাম বাংলা ভাষা

অতনু চৌধুরী




ঘাসের ডগায় মানিক ঘনায়

সোনালী রোদে সকাল বেলায়

আদর করে মা যে তার নয়নমণি

ছন্দে,বর্ণে,গর্বে স্বর্গের পারিজাত মানি

হয় না তুলনা তার কোন মতেই

মায়ের ভাষা,প্রাণের ভাষা,মহিমা যে তার বাংলা ভাষাতেই।।



গাছে গাছে জাগে কচি কিশলয়

আকাশে বাতাসে ফুলের গন্ধ ছড়ায়

ঋতুরাণী হেসে ওঠে দখিনার দোলে

মাঝি মল্লার গান গেয়ে চলে

ভ্রমরের ভাষা,বাউলের ভাষা, ভাষা মনোহর

সে যে বাংলা ভাষা,প্রাণের ভাষা,জাগে চরাচর।।



ঠাকুমার কোলে শিশু কালে শুনি ঠাকুমার ঝুলি

যৌবনে প্রাণ সঞ্চার করে বৈষ্ণব পদাবলী

প্রথম প্রেমে পড়া,অপটু হাতে কবিতা লেখা

ওঠা-পড়া,ভাঙা-গড়া, তবুও স্বপ্ন দেখা

বীরত্ব,দেশপ্রেমে ঝলসে ওঠে বীর সাহসীর প্রাণ

শত সহস্র শহীদের স্মরণে বাংলাতেই গাই গান।।



বাঙলার ভাষা,বাঙালীর ভাষা,বাংলা হৃৎপিণ্ড

ভাষার কারবারি,ভাষা জঙ্গীর বিরুদ্ধে শক্ত মেরুদণ্ড

শির তাই সোজা করে ভাষার দাবিতে জাগে আর্তস্বর

লড়াই করে সালাম,বরকত,রফিক,শফিক,জব্বার

মেঘনা,যমুনা,সূরমা,নীরবে চলে বহমান

আজ'ও ব্যর্থ হয়নি বীর সন্তানের আত্মবলিদান।।



দেশ,কাল,জাতি ধর্মের বেড়াজাল ভেঙে

বাংলা এগিয়ে চলে বাঙালীর সঙ্গে

পূর্ব দিগন্ত রাঙিয়ে সূর্য উঠবে যতদিন

পাখির কলকাকলিতে ঘুম ভাঙবে যতদিন

যতদিন বয়ে যাবে গঙ্গা,যমুনা,পদ্মা,মেঘনা

ততদিন সফিউর,ওহিউল্লা,আব্দুলের বলিদান ব্যর্থ হবে না।।



প্রাণের থেকে প্রাণকে তোরা কেড়ে নিতে পারিস

তবু বাংলা ভাষা নয়,

মায়ের স্তন থেকে দুধের শিশু ছিনিয়ে নিতে পারিস,

তবু বাংলা ভাষা নয়

রবীন্দ্রনাথ, নজরুল,জীবনানন্দের ভাষা বাংলা ভাষা

চেতনার আর এক নাম বাংলা ভাষা ।।